পারফেক্ট ফ্যামিলি পিকচার!
বাবা কিংবদন্তি অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনের মৃত্যুর পর শোকাচ্ছন্নতায় দিন কাটার পর অবশেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন অজয় দেবগন ও তাঁর পরিবারের সদস্যরা। শ্বশুরের মৃত্যুর পর ফের দুঃসংবাদ, অসুস্থ হয়ে পড়েছিলেন কাজলের মা তনুজা। পরে অবশ্য তিনিও সেরে উঠেছেন। এবার মানসিক প্রশান্তির জন্য সন্তানদের নিয়ে ভ্রমণে গেলেন অজয়-কাজল।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পারিবারিক ছবি শেয়ার দিয়েছেন বলিউডের মিষ্টিকন্যা কাজল। ছবিতে কাজল পোজ দিয়েছেন স্বামী অজয় দেবগন, মেয়ে নিশা দেবগন ও ছেলে যুগ দেবগনের সঙ্গে। এক ফ্রেমে পুরো পরিবার। অন্যরা হাস্যোজ্জ্বল হলেও অজয় বরাবারের মতোই গম্ভীর। তবে কোথায় তাঁরা ভ্রমণে গেছেন, তা প্রকাশ করেননি কেউ।
ছবিতে দেখা যাচ্ছে, অজয় পরেছেন নীল শার্ট ও কালো জিন্স। কাজল পরেছেন নীলরঙা হল্টারনেক জাম্পস্যুট। কন্যা নিশা পরেছে প্রিন্টেড টি-শার্ট ও কালো জিন্স। আর যুগ পরেছে মিলিটারি সবুজ টি-শার্ট ও ধূসর শর্টস। একেবারে পারফেক্ট ফ্যামিলি পিকচার!
এর আগে নিজের একটি একক ছবি পোস্ট করেন কাজল। আর বরাবারের মতোই ছবিটি তুলেছে তাঁর প্রিয় আলোকচিত্রী, ছেলে যুগ। ক্যাপশনে কাজল লেখেন, ‘ফের আমার প্রিয় ফটোগ্রাফারের কাজ... আমাকে সুন্দর দেখাতে ওর পরিশ্রমের অন্ত নেই।’
অজয় দেবগনকে আগামীতে ওম রৌত পরিচালিত ‘তানাজি—দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় দেখা যাবে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাজল ও সাইফ আলি খানকে। ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে এ ছবি।
Labels:
Entertainment


No comments: