বিশ্বসঙ্গীত দিবস পালন মৈনাকের
ডিএনএ বাংলা ডেস্ক: বহু দিন ধরে লোকসংগীত নিয়ে কাজ করছেন তিনি। লোকসঙ্গীত মহলে যথেষ্ট পরিচিত নাম। খড়গপুর নিবাসী এই সংগীত সাধক দীর্ঘদিন ধরে গ্রামবাংলার লোকগান গেয়েছেন নানান আঙ্গিকে। কুড়িয়েছেন, ভালোবাসা, সমাদর, শুভেচ্ছা। সেখান থেকে বেড়িয়ে নতুন কিছু করার চেষ্টা করেছেন এই লোকশিল্পী। বেছে নিয়েছেন বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তুমি কেমন করে গান করো হে গুণী” বিশ্বসঙ্গীত দিবস উদযাপন করার জন্য নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে রবীন্দ্রসঙ্গীতকে বেছে নিয়েছেন। গোটা বিশ্ব জুড়ে সঙ্গীতশিল্পীরা নিজেদের মতো করে পালন করেন এই দিনটি।
সেইরকমই ভারতে বিভিন্ন জায়গায় সঙ্গীতশিল্পীরা তাঁদের নিজেদের মতো করে উদযাপন করবেন দিনটি। সেই চেষ্টায় সম্মিলিত হয়েছেন শিল্পী মৈনাকও। দীর্ঘ ১২ বছর ধরে লোক গান থেকে বেরিয়ে একটু অন্যরকম প্রচেষ্টা তাঁর।সঙ্গীতশিল্পী মৈনাক বলেন, “অবশেষে মুক্তি পেল আমার প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের গান Cozmik Harmony Cozmik Harmony-র ইউটিউব চ্যানেলে। আমি মূলত লোকগান গেয়ে আসছি অনেকদিন ধরে। সেখান থেকে বেরিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্পূর্ণ শ্রদ্ধা ও সম্মান জানিয়ে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইবার চেষ্টা করলাম। যেকোনও কাজেই ভুলত্রুটি থাকে। তবুও কাজ তো করে যেতে হবে। তবে আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি।” একইসঙ্গে তিনি বলেন , “আমি দীর্ঘ ১২ বছর ধরে ফোক গান গাইছি। দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করি। কিন্তু রবীন্দ্রসঙ্গীতে এই প্রথম হাত দেওয়ার সাহস করলাম।” শিল্পী জানিয়েছেন, তাঁর বাবা স্বরলিপি মেনে ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। উনি দেবব্রত বিশ্বাসকে অনুসরণ করতেন। সেখান থেকেই তাঁর মনের কোণে লুকিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর যা এতদিনে পরে প্রকাশ্যে এল বলে তিনি মনে করেন।
বাচিকশিল্পী মধুমিতা বসু শিল্পীর চলার পথে অভিবাদন জানিয়েছেন, পন্ডিত মল্লার ঘোষ উৎসাহ দিয়েছেন নতুনভাবে নতুন কিছু করার জন্য। শিল্পীকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্দ্রাণী সেন, লোপামুদ্রা মিত্রের মতো সঙ্গীত শিল্পীরা। মৈনাকের কথায় , “যেহেতু আমি প্রথমবারের জন্য রবীন্দ্রসঙ্গীত গেয়েছি তাই আমাকে ইন্দ্রাণী সেন, জোজো, লোপামুদ্রাসহ আরও অনেক সঙ্গীতশিল্পী আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আরও পাঠাচ্ছেন।” এর আগে ২০১০,২০১২ ও ২০১৩ সালে পরপর তিনটি গানের অ্যালবাম বেরিয়েছিল মৈনাকের। সেগুলির নাম ছিল স্বপ্নসন্ধানী, ঢাকের তালে এবং আমার অনুরাধা। এই অ্যালবামগুলিতে আধুনিক বাংলা গান থাকলেও কিছু লোকগানও ছিল। ২০১৫ সালে শ্রীকান্ত আচার্য’র হাত ধরে সাগরিকা মিউজিক থেকে তাঁর প্রথম লোকগানের অ্যালবাম ‘ভিতর বাহিরে’ মুক্তি পায়। টাইটেল গানটি খুবই জনপ্রিয় হয়।
Labels:
Entertainment

No comments: