তৈরি হচ্ছে ভারত-ভুটান-সীমান্ত রাস্তা
আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্তের কুমারগ্রাম চা বাগান থেকে ভূটান সীমান্ত কালিখোলা পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা পাকা করা সেইসঙ্গে বেশ কয়েকটি পাকা কালর্ভাট নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে । কুমারগ্রাম বনবস্তি সহ আশপাশের গ্রাম থেকে বহু মানুষ ওই পথ ধরেই ভুটানে যাতায়াত করেন । প্রায় এক দশক ধরে ভারত-ভুটানের মধ্যে সংযোগ রক্ষাকারী ওই গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল হয়ে পড়ে থাকায় যাতায়াত সমস্যায় ভুগছিলেন সীমান্ত গ্রামের বাসিন্দারা । বর্ষার মরশুমে খানাখন্দে ভরা ওই পথে চলতে গিয়ে চরম হয়রানির মুখে পড়তে হত ছোটবড় সবাইকে । এছাড়া রাস্তার বেশকিছু অংশ বক্সা বাঘ বনের জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ায় বন্য জীবজন্তু আক্রমণের ভয় লেগেই থাকে । পথ চলতে গিয়ে হঠাৎ বন্য জীবজন্তুর সামনে পড়ে গেলে প্রাণ বাঁচাতে ওই ভাঙা রাস্তায় দ্রুত ছুটে পালাতেও যথেষ্ট বেগ পেতে হত বাসিন্দাদের । তাই রাস্তা মেরামতের দাবি দীর্ঘ দিন ধরেই জানিয়ে আসছিলেন সীমান্ত গ্রামের কয়েক হাজার বাসিন্দা । অবশেষে সরকারি উদ্যোগে রাস্তা পাকা করার কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা । বিটুমিনের কাজ সপ্তাহ খানেক আগে শেষ হলেও সীমেন্ট কংক্রীটের রাস্তা তৈরীর কাজ চলছে জোরকদমে । দীর্ঘ দিনের দাবি পূরণ হওয়ায় স্বস্তিতে কুমারগ্রাম বনবস্তি, নিউল্যান্ডস, কুমারগ্রাম, সংকোশ চা বাগান সহ আশপাশের সীমান্ত এলাকার লক্ষাধিক বাসিন্দা ।
Labels:
West Bengal


No comments: