মেয়ের অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ বাবা শাহরুখ
শ্রীদেবী কন্যা জাহ্নবী, সাইফ কন্যা সারার মতো শাহরুখ কন্যা সুহানারও এখন বলিউডে পা রাখার অপেক্ষা। সুহানা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে, সেকথা বহু আগেই বাবা শাহরুখের কাছে প্রকাশ করেছেন তিনি। যদিও এ বিষয়ে কিং খানের কড়া নির্দেশ ছিল আগে পড়াশোনা শেষ করে তবেই অভিনয়ে আসতে হবে, নচেৎ নয়। গ্র্যাজুয়েশন শেষ করা শাহরুখের পরিবারে ‘মাস্ট’।বর্তমানে শাহরুখ কন্যা সুহানা লন্ডনের আর্ডিংলি কলেজে পড়াশোনা করছেন। আর সেই কলেজেরই কোনও অনুষ্ঠানে নাটকে অভিনয় করেন সুহানা। যেখানে ‘জুলিয়েট’-এর চরিত্রে দেখা যায় তাকে। আদরের মেয়ে যখন স্টেজে অভিনয় করছেন সেখানে বাবা যাবেন না তা কি হয়? আগামী ছবি ‘জিরো’র প্রমোশনে লন্ডন গিয়েছিন তিনি। কাজের ব্যস্ততার মাঝেই মেয়ের নাটক দেখার জন্য সময় বের করেও নিয়েছেন। শুধু তাই নয়, মেয়ের অভিনয় দেখে মুগ্ধ কিং খান। মেয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি। তবে শুধু সুহানারই নয়, নাটকের টিমকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সোশ্যাল সাইটে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘লন্ডনে আমার ‘জুলিয়েট’-এর সঙ্গে। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অভিনয়, গোটা টিমের জন্য শুভেচ্ছা রইল। ‘
প্রসঙ্গত এই প্রথমবার নয়, এর আগেও স্কুলে পড়ার সময়ও সুহানার স্টেজে অভিনয় করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। স্কুলে সুহানার সেই অভিনয় দেখতেও হাজির ছিলেন শাহরুখ। এছাড়াও বলিউডে কোনও ছবিতে সুহানার অভিনয়ের কথা এখনও শোনা না গেলেও, ইতিমধ্যেই ‘ভগ’ ম্যাগজিনের কভার গার্ল হিসাবে ফটোশ্যুট করে ফেলেছেন শাহরুখ কন্যা।
শুধু সুহানাই নয়, একই ভাবে আরিয়ান খান, আব্রাম খানের স্কুল কলেজের অনুষ্ঠানেও হাজির থাকতে দেখা যায় কিং খানকে। শত ব্যস্ততার মধ্যেও সন্তানদের সময় দেওয়া উচিত বলে তিনি মনে করেন বলে জানিয়েছিলেন।
Labels:
Entertainment


No comments: