কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম
কলকাতা, ৩ ডিসেম্বর: অবশেষে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম।
শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার বিকেলেই আলিপুরে দলীয় কাউন্সিলরদের নিয়ে সভা ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই ঠিক হয়ে গিয়েছিল কলকাতার পরবর্তী মেয়র পদে প্রার্থী হচ্ছেন ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র পদে প্রার্থী হচ্ছেন অতীন ঘোষ। পুরসভায় তৃণমূলের ব্যাপক গরিষ্ঠতা থাকায় মেয়র পদের নির্বাচন তাই ছিল খানিকটা নিয়ম রক্ষার। এ দিন হলও তাই।
ফিরহাদের জয় প্রত্যাশিত হলেও রাজনৈতিক জল্পনা উস্কে দিয়েছিল বিজেপি। হার নিশ্চিত জেনেও মীনাদেবী পুরোহিতকে মেয়র পদে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। কলকাতা কর্পোরেশনে বিজেপি-র প্রতিনিধি সংখ্যা পাঁচ। এ দিন ভোট শুরুর আগে মীনাদেবী বলেন, “যদি আমরা পাঁচের থেকে একটি ভোটও বেশি পাই, তাহলে সেটাই হবে আমাদের নৈতিক জয়।” রাজনৈতিক মহলের নজর ছিল সে দিকেই। কিন্তু গেরুয়া শিবিরের সেই আশায় জল পড়ে গেল। পাঁচটিই ভোট পেলেন মীনাদেবী। হল না কোনও ক্রস ভোটিং। বাম এবং কংগ্রেস কাউন্সিলররা ওয়াক আউট করায় লড়াই ছিল ১২১ বনাম ৫-এর।
যেহেতু ফিরহাদ কাউন্সিলর নন তাই তিনি ভোটে ছিলেন না। ছিলেন রাজ্যের সচিবালয় নবান্নে। এ দিন বিকেলে তিনি কর্পোরেশনে আসেন। নতুন মেয়র হিসেবে শপথ নেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। স্বাধীনতার পর প্রথম সংখ্যালঘু মেয়র হলেন ফিরহাদ। এ দিন শপথ নেওয়ার পর সাংবাদিকদের তিনি জানান, “আমার পরিচয় হোক আমার কর্মের মধ্যে দিয়ে, আমার ধর্মের মধ্যে দিয়ে নয়।” সেই সঙ্গে আরও বলেন, “কলকাতার উন্নয়নের যে কাজ হয়েছে তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।”


No comments: