মুসলিম ছেলেকে ভালবেসেছেন তিনি। সে সম্পর্ক বাড়িতে মেনে নেয়নি। এমনকি
তাঁর ওপর অত্যাচারও করা হয়। দিন কয়েক আগে এক বিস্ফোরক সাক্ষাত্কারে এ কথা
জানিয়েছিলেন হৃতিক রোশনের দিদি সুনয়না। কিন্তু সুনয়নার সেই সম্পর্ক কেন মেনে নেননি রোশন পরিবারের সদস্যরা?
সুনয়না জানিয়েছিলেন, তিনি ভালবাসেন রুহেল নামের এক মুসলিমকে। কিন্তু
রুহেল নাকি বিবাহিত। তাঁর সন্তানও রয়েছে। সে কারণেই রুহেলকে পছন্দ নয়
হৃতিক-সুনয়নার বাবা-মা রাকেশ এবং পিঙ্কির। এর আগে নাকি ভুল সম্পর্কে
জড়িয়েছিলেন সুনয়না। মেয়ে ফের একই ভুল করুক, তা চান না রোশনরা।
সুনয়না বলেছিলেন, ‘‘এক মুসলিম ছেলেকে ভালবেসেছি বলে বাবা আমাকে চড়
মেরেছিল। ওর নাম রুহেল। বাবা বলেছিল রুহেল জঙ্গি। আমি বাবা-মায়ের বাড়ি
থেকে বেরিয়ে আলাদা থাকতে শুরু করি। শুধুমাত্র মুসলিম বলে বাবা-মা ওকে মেনে
নিচ্ছে না। ওরা আমার জীবনটা নরক করে তুলেছে।’’ সুনয়নার বিস্ফোরক সাক্ষাত্কারের পর রোশন পরিবারের সমালোচনা শুরু
হয়েছিল বিভিন্ন মহলে। সাম্প্রতিক ভারতে সাম্প্রদায়িকতা নিয়ে বিভিন্ন সমস্যা
দেখা যাচ্ছে। এই আবহে তথাকথিত শিক্ষিত বলে পরিচিত বলিউডের নামজাদা
পরিবারের এ হেন আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। শুধুমাত্র মুসলিম ছেলেকে
ভালবাসার জন্য সুনয়নাকে ‘হেনস্থা’ করায় তাঁর বাবা রাকেশ রোশনও সেই
সমালোচনার মুখোমুখি হন! কিন্তু রুহেলের ব্যাকগ্রাউন্ড জানার পর অনেকেই আবার
সমর্থন করছেন তাঁকে। যদিও রুহেল বিবাহিত কি না বা তাঁর সন্তান রয়েছে কি না
তা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি সুনয়না।
No comments: