এই গরমেও প্রশান্ত মন!
গরম পড়েছে। বেজায় গরম। অসহ্য হতে চাইছে মনমেজাজ! না, এতোটুকু বিচলিত হওয়ার প্রয়োজন নেই। বরং গরমকেই বুড়ো আঙুল দেখান! হাসিমুখে মেনে নিন প্রকৃতির এই রূপ। তবে এ অবস্থায় নিজেকে সুস্থ রাখতে নিজেরও তো কিছু করা চাই। প্রচণ্ড এই রোদ-গরমে শুধু একটু সচেতন হোন। মেনে চলুন কিছু টিপস।
সঙ্গী হোক পানির বোতল
যতই গরম পড়ুক না কেন বাসা থেকে তো বের হতেই হয়। তাই অবশ্যই সাথে একটি পানির বোতল সাথে রাখুন। ঘন ঘন পানি পান করুন। সাধারণত গরমের এই রোদে বের হলে খুব দ্রুত আমাদের দেহ পানিশূন্য হয়ে পড়ে। তাই পানিশূন্যতা রোধে একটি পানির বোতলই হোক সঙ্গী। ফুরিয়ে গেলেই আবার বিশুদ্ধ পানি ভরে নিন।
খাবারও হোক পানিসমৃদ্ধ
ভাজাপোড়া একদম বাদ। মেন্যুতে থাকুক পানিসমৃদ্ধ খাবার। সাধারণত শুকনো বা মসলাযুক্ত খাবার দেহের পানি শুষে নেয়। তাই এই গরমে এসব খাবার থেকে দূরে থাকুন। অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ পানি পান করুন। সাধারণ খাবারের পাশাপাশি তরল খাবার বেশি খান। ডাবের পানি, ফলের রস, স্যালাইন ইত্যাদিসহ পানিসমৃদ্ধ ফল খান বেশি বেশি।
মাথায় যেন রোদ লাগে না
ছাতা ব্যবহার করুন। রোদের তীব্রতা থেকে রক্ষা করুন মাথা এবং মাথার ত্বক। স্কার্ফ বা ক্যাপও ব্যবহার করতে পারেন। মোটকথা সরাসরি রোদ মাথায় পড়তে দেবেন না। এই গরমের তীব্র রোদ সরাসরি মাথায় পড়লে আমাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এবং খুব সহজেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। তাই মাথায় যেন কোনোভাবেই রোদ না লাগে, এ বিষয়ে খেয়াল রাখুন।
গরমের পোশাক পরুন
আবহাওয়া বুঝে গরমের উপযোগী পোশাক পরুন। এ সময় টাইটফিটিং পোশাকের পরিবর্তে একটু লম্বা ধরণের জামাকাপড় পরাই ভালো। সুতি কাপড় পরুন। অতিরিক্ত রঙিন পোশাক এ সময়ে না পরাই ভালো। আর লম্বা পোশাকে রোদ সরাসরি শরীরের ত্বকে পড়বে না। যদি বেশি গরম লাগে এবং ঢাকা কাপড় পড়তে অসুবিধা হয়, তবে অবশ্যই ত্বকে ভালো এবং বেশি এসপিএফ মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন। এতে ত্বকের আদ্রতা ঠিক থাকবে।
স্বাভাবিক খাবার খান
অতিরিক্ত গরম পড়লে অনেকেই আছেন খেতে চান না। এটি একেবারেই ভুল ধারণা। ভুলেও এ কাজটি করবেন না। এতে করে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাই বেশি। বরং এই সময় ভালো, পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং পানিসমৃদ্ধ খাবার খাওয়া অনেক বেশি জরুরি। স্বাভাবিক খাবার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। তাই একবেলাও খাবার যেন বন্ধ না হয়।
বাইরের খাবার কম খান
এ সময়ে বাইরের খাবার কম খান। বিশেষ করে রাস্তার পাশে বানানো যেকোনো খাবার, শরবত একদম এড়িয়ে চলুন। এছাড়া রাস্তার পাশে বানানো চা, পেঁপে, আখের রসসহ কোল্ড ড্রিংকসও এড়িয়ে চলুন।
হাসিমুখে প্রশান্ত থাকুন
হাসুন। প্রাণ খুলে হাসুন। প্রকৃতির এই গরম ঠেকাতে যেহেতু কিছুই করার নেই, তাই এ নিয়ে দুশ্চিন্তা করারও প্রয়োজন নেই। এতোটুকু বিরক্তির প্রশ্রয় দেবেন না মনে। বরং হাসিখুশি আর প্রাণবন্ত রাখুন নিজেকে। দৃষ্টিভঙ্গি বদলে সজীব থাকার চেষ্টা করুন। আসলে পরিস্থিতি যাই হোক না কেন, প্রশান্ত থাকাটাই গুরুত্বপূর্ণ। তাই মনকে প্রশান্ত করতে মেডিটেশনও করতে পারেন। শরীর-মন শিথিল করে এটি সরাসরি টনিকের মতোই কাজ দেবে।
from Daily Bangla http://bit.ly/2Htt289
Labels:
Entertainment


No comments: