সাময়িক বিচ্ছেদে সম্পর্ক গাঢ় হয়
নতুন এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, যেসব বিবাহিত দম্পতি একে অন্যের কাছ থেকে নির্দিষ্ট সময়ের জন্য দূরে থাকে, তাদের দাম্পত্য সম্পর্ক আরো গাঢ় হয়। আমেরিকার আদমশুমারি ব্যুরো দেখে যে, সে দেশের প্রায় ৩.৫ মিলিয়ন দম্পতি দাম্পত্যকে আরো বেশি শক্ত ও সুখী করার জন্য একে অন্যের কাছ থেকে দূরে থাকে। এজন্য তারা যুক্তি তুলে ধরে বলে যে, দূরে থাকার ফলে নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় ও পরস্পরকে আরো বেশি জানা যায়। মনোবিজ্ঞানীদের মতে, একে অন্যের কাছ থেকে দূরে থাকার ফলে দুজনের সম্পর্ক সতেজ থাকে এবং একে অন্যকে স্বাধীন জীবনযাপন করতে সাহায্য করে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এটি কতটুকু কার্যকর?
পশ্চিমা দেশগুলোয় এর ব্যাপক বিস্তার দেখা গেলেও আমাদের দেশে এ ব্যবস্থা বিপরীত ফল বয়ে আনতে পারে। কারণ আমাদের দেশে অধিকাংশ দম্পতি তাদের পিতা-মাতার সঙ্গে একত্রে বসবাস করে। তাই যতক্ষণ না তাদের সম্পর্কের ব্যাঘাত না ঘটে, ততক্ষণ একত্রেই থাকতে চায়। এখানে একে অন্যের কাছ থেকে দূরে থাকলে নিজেদের বাঁধনটাই ভেঙে যেতে পারে। এমনকি অনেক দিন দূরে থাকার ফলে এমনটিও মনে হতে পারে যে, তার কাছে ফিরে যাওয়ার আর দরকার নেই। বিয়ে মানে যদি হয় দূরে থাকা, তাহলে বিয়ের দরকারটা কী? বিয়ের মানে হচ্ছে দুজনের বন্ধনকে আরো দৃঢ় ও সন্তানদের প্রতিপালন করা। এখানকার অধিকাংশই ধারণাটির সঙ্গে একমত হলেও কিছু তরুণ-তরুণী আছে, যারা পশ্চিমা ধারার সঙ্গে একমত পোষণ করে। এসব তরুণ-তরুণী মনে করে, প্রত্যেকেরই নিজস্ব একটা স্থান দরকার এবং একে অন্যের কাছ থেকে দূরে থাকাটা দোষের কিছু নয়। তবে তারা স্বীকার করে যে, এভাবে দূরে থাকাটা পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের জন্য হিতকর নয়।
একে অন্যের কাছ থেকে দূরে থাকাটা আমাদের দেশে তখনি কার্যকর ভূমিকা রাখতে পারে, যখন দুজনের সম্পর্কের মধ্যে টানাপড়েন চলতে থাকে। এ সময়ে একত্রে থেকে প্রতিদিন ঝগড়া না করে বরং কিছুদিনের জন্য পৃথক থাকাই ভালো। আর পৃথক থাকতে চাইলে এ ব্যাপারে দুজনে আলোচনা করে নিন। আর্থিক সমস্যা দেখা দিলে বা বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে কিছুদিনের জন্য আলাদা থাকতে পারেন। সঙ্গীর প্রতি আনুগত্য বা বিশ্বস্ততা না থাকলে কখনোই আলাদা থাকবেন না।
from Daily Bangla http://bit.ly/2W50ZnR
Labels:
Entertainment


No comments: