রানী মুখার্জির ফিরে আসা
২০১৪ সালে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মর্দানি’ ছবিতে। বিখ্যাত প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ের পর নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন অভিনয় থেকে। ‘মর্দানি’ ছবিতে নারী পাচারকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে দুর্দান্ত চ্যালেঞ্জ হয়ে ওঠা দুঃসাহসী এক পুলিশ অফিসারের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছিলেন রানী মুখার্জী। রোমান্টিক, গ্ল্যামারাস নায়িকা হিসেবে ক্যারিয়ারের বেশির ভাগ সিনেমায় তাকে দেখা গেলেও দায়িত্ব পালনে অকুতোভয় একজন নারী পুলিশ অফিসার হিসেবে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে আলোচিত হয়েছিলেন। তার অভিনয় প্রশংসিত হয়েছিল। ‘মর্দানি’র পর রানীকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। তিনি চাইলে প্রভাবশালী প্রযোজক স্বামীর বিখ্যাত প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস-এর বিভিন্ন সিনেমায় নায়িকা হতে পারতেন। কিন্তু সে পথে না গিয়ে স্বামী এবং সংসার নিয়ে মেতে থাকেন। গত চার বছর রূপালী পর্দায় অনুপস্থিত থাকা একদার জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জীকে আবার দেখা যাবে নতুন সিনেমায়। তার অভিনীত নতুন সিনেমা ‘হিচকি’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। এখানে তাকে সম্পূর্ণ ভিন্ন ধাচের একটি চরিত্রে দেখা যাবে। তোতলামির কারণে বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়ে প্রত্যাখ্যাত হওয়া মেধাবী নারী নয়না মাথুর চরিত্রে অভিনয় করেছেন রানী এ ছবিতে। এক সময় নয়না শহরের নামকরা এক স্কুলে শিক্ষকের চাকরি পেয়ে যায়। শুরুতে নানা বিড়ম্বনা এবং প্রতিকুলতার মুখোমুখি হলেও একসময় নয়না স্কুলের সবচাইতে সেরা শিক্ষক হিসেবে মর্যাদা লাভ করে। একজন নারীর সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়ার অসাধারণ কাহিনী তুলে ধরা হয়েছে ‘হিচকি’ ছবিতে। সিনেমা হলে আসার আগে ইতিমধ্যে বিশেষ প্রদর্শনীতে ছবিটি দেখেছেন বলিউডের অনেক সিনিয়র জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। তাদের মধ্যে মাধুরী দীক্ষিত, রেখা, সুস্মিতা সেন, করন জোহর প্রমুখ। ‘হিচকি’ ছবিটির প্রশংসা করেছেন, উচ্ছসিত হয়েছেন রানীর অভিনয়ে। বলিউডে দীর্ঘ সময় ধরে নায়িকা হিসেবে চমৎকার একটি অবস্থান ধরে রাখা রানী একজন সুঅভিনেত্রীও বটে এটা অনেকবার প্রমাণ করেছেন। সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ ছবিতে রানী মুখার্জীর অসাধারণ অভিনয়ের কথা দর্শক সহজে ভুলতে পারবে না। ‘নন গ্ল্যামারাস প্রতিবন্ধী’ এক নারীর ভূমিকায় চমৎকার অভিনয় করে তিনি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2XvR6g8
Labels:
Entertainment




No comments: