বিজেপির পোষ্টারে বিবেকানন্দ ও নেতাজির ছবি লাগানোর দাবি চন্দ্র বসুর
কলকাতা: বিজেপির পোষ্টারে মূলত দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো হিন্দুত্ববাদী নেতাদের ছবি থাকে। এবার স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবিও লাগানোর দাবি তুললেন বিজেপির সহ সভাপতি চন্দ্র বসু। তাঁর মতে, বিবেকানন্দ ,নেতাজির আদর্শ সামনে না আনলে দেশে ঐক্য থাকবে না।
সারা দেশে না হোক,বাংলার প্রেক্ষাপটে বিবেকানন্দ , নেতাজি আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতাদের সাথে এই নিয়ে কথা হয়েছে বলে জানান চন্দ্র বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তিনি জানিয়েছেন, নেতাজি বিষয়ে দলে বেশি চর্চা করার জন্য। তাঁর কথায়,"নরেন্দ্র মোদি বলেছেন এটা করা উচিত। কিন্তু এখনও তেমন ভাবে পোষ্টারে বা ফ্লেক্সে নেতাজি ও বিবেকানন্দর ছবি দেখা যাচ্ছে না।"
জানা গেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি নিতে পারে বিজেপি। চন্দ্র বসু বলেন, সুভাষচন্দ্র বসুর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যেও নানা অনুষ্ঠান হবে।
কিন্তু রাজ্য বিজেপি কি দীনদয়াল, শ্যামাপ্রসাদের ছবির পাশে বিবেকানন্দ ,নেতাজিদের ছবি দেবে? বিজেপির নেতা চন্দ্র বসুর জবাব,"
খুব শীঘ্রই যা যা করার করা হবে। নেতাজির আদর্শ যখন গ্রহণ করেছেন তখন নেতাজির ছবি লাগাতেতো কোনও অসুবিধা নেই। নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ নেতাজির আদর্শ থেকে নেওয়া। নেতাজি সকলকে নিয়ে আজাদ হিন্দ গড়ে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন।"
বিজেপি সহ সভাপতি বলছেন, আর কোনও পথ নেই। একটাই পথ। নেতাজি ,স্বামী বিবেকানন্দকে না নিলে দেশ ঐক্যবদ্ধ হবেনা। আবার বিভক্ত হয়ে যাবে। দ্বিগণ্ডিত হয়ে যাবে,বিভেদের রাজনীতি যেটা মাথা চাড়া দিচ্ছে সেটা বাড়বে।


No comments: