ফায়ার অডিট ও ড্রিলিং এবার বাধ্যতামূলক, একগুচ্ছ ঘোষণা দমকলমন্ত্রীর
প্রেসকার্ড নিউজ,কলকাতা, ২৭ নভেম্বর: শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পর উদ্বিগ্ব প্রশাসন। তাই এবার দমকলে একগুচ্ছ নতুন পরিকল্পনা ঘোষণা করলেন দমকলমন্ত্রী। অফিস, মার্কেট, শপিং মল, হাসপাতাল ও বহুতলগুলিতে ফায়ার ড্রিলিং ও অডিট বাধ্যতামূলক করল রাজ্য সরকার৷
প্রসঙ্গত, সম্প্রতি বাগরি মার্কেট, এপিজে হাউস, দ্য ফোরটি টু বিল্ডিংয়ের মত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলমন্ত্রীর সিদ্ধান্ত, এবার থেকে কোনও বহুতলে ঢোকার মুখে ম্যাপ রাখা বাঞ্ছনীয়৷ সেই ম্যাপে উল্লেখ করতে হবে কোথায় জলের সোর্স রয়েছে৷ ফলে আগুন লাগলে তা নেভাতে দমকলের কাজ অনেকটাই সহজ হবে৷ পাশাপাশি দমকল বিভাগের আধুনিকীকরণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও করেন মন্ত্রী৷ জানান, তারা জিপিএস পরিষেবা চালু করতে চলেছেন৷ এই জিপিএসের মাধ্যমে আগুন লাগার নিকটবর্তী ফায়ার স্টেশনে খবর চলে যাবে৷ এরপর সেখান থেকে দ্রুত ফায়ার ইঞ্জিন পৌঁছে যাবে ঘটনাস্থলে৷
দমকল পরিষেবায় গতি আনতে আগেই অনলাইন পরিষেবা চালু করা হয়েছিল৷ সেই পরিষেবাকে আরও এককদম এগিয়ে নিয়ে গেলেন দমকলমন্ত্রী৷ তাঁর ঘোষণা, অনলাইনে এবার থেকে মিলবে লাইসেন্স৷ ৩০ দিনের মধ্যে লাইসেন্স নিতে হবে৷ কোনও কারণে কারোর ফায়ার লাইসেন্স বাতিল হলে তা অনলাইনেই জানতে পারবেন বলে জানান ফিরহাদ হাকিম৷


No comments: