জোট নিয়ে রাজ্য ভিত্তিক রণকৌশল চূড়ান্ত করল ফরওয়ার্ড ব্লক
কংগ্রেস প্রসঙ্গে ঐক্যমতে পৌঁছাতে পারলো না ফরওয়ার্ড ব্লক। জোট নিয়ে রাজ্য ভিত্তিক রণকৌশলই চূড়ান্ত হল পার্টি কংগ্রেসের মঞ্চে। শুধু তাই নয়, সূত্রের খবর, বাম ঐক্য গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া হলেও, নাম না করে সিপিএম প্রসঙ্গে একাধিক প্রশ্ন উঠে আসে।সিপিএম বড় দল হওয়ায় নিজেদের সিদ্ধান্ত অন্যান্য বাম দলগুলির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এমনও বির্তক উঠে আসে বলে জানা গিয়েছে।
গত ১২ তারিখ থেকে কলকাতায় রামলীলা ময়দানে ফরওয়ার্ড ব্লকের ১৮ তম সর্বভারতীয় সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রকাশ সমাবেশের মঞ্চ থেকেই দ্বিধা বিভক্ত ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের ছবি ধরা পড়ে। প্রকাশ্যে আসে দক্ষিণ ভারত বনাম বাংলার দলীয় নেতাদের তাত্ত্বিক লড়াই। সূত্রের খবর, সম্মেলনের তিনদিনের আলোচনাতেও উঠে আসে সেই বির্তক। দক্ষিণী গোষ্ঠী কংগ্রেসের হাত ধরার পক্ষে থাকলেও বাংলা গোষ্ঠী তার পুরোপুরি বিপক্ষে মতামত জানয়।
বাংলা কমিটির আলোচক প্রতিনিধি তথ্য দিয়ে দেখানোর চেষ্টা করেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট করার ফলে সামগ্রিকভাবে ফরওয়ার্ড ব্লকের কতটা রাজনৈতিক ক্ষতি হয়েছে। একসঙ্গে সরাসরি সিপিএমের বিরুদ্ধে বামঐক্যের নামে দাদাগিরির অভিযোগও তোলা হয় বলে সূত্রের দাবি।
অন্যদিকে, কেরলের পক্ষ থেকে কংগ্রেসের সঙ্গে জোট করে কেরল রাজনীতিতে ফরওয়ার্ড ব্লক কতটা লাভবান হয়েছে সেই তথ্য তুলে ধরেন সেখানকার প্রতিনিধিরা আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। একই রকমভাবে তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে জোট প্রসঙ্গ ও তেলেঙ্গানায় এককভাবে লড়াই করার অভিজ্ঞতাও উঠে আসে।
সূত্রের দাবি, তিনদিনে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের আলোচনা শেষে দলগত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্য ভিত্তিক রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কারণ প্রতিটি রাজ্যের রাজনৈতিক বিন্যাস এক নয়। তাই সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করেই নির্বাচনী সমঝোতার পথে এগোবে। যদিও, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় বামফ্রন্ট গতভাবে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার রাস্তায় গেলে ফরওয়ার্ড ব্লকের অবস্থান কি হবে তা নিয়ে এখনও নেতৃত্ব দোলাচলে আছে বলেই জানা গিয়েছে।


No comments: