Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ফের অনাস্থার প্রস্তাবে সরগরম ভাটপাড়া



ডিএনএ বাংলা ডেস্কঃ       ভাটপাড়া পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের একাংশ বিজেপিতে যোগদান করার পরেই নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং। নিয়মবিধি অনুসারে কোনও চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর অন্তত ছ’মাস পুরসভায় অনাস্থা আনা যায় না। সেই সময়সীমা পেরোতেই আজ শুক্রবার ফের ভাটপাড়া পুরসভায় অনাস্থা আনার তোড়জোড় শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। অনাস্থা ভোটে বিজেপিকে হারিয়ে ফের পুরসভা দখলের ছক মোটের উপর তৈরি বলেই তৃণমূলের অন্দরের খবর। আর এই অনাস্থা নিয়েই এখন তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। 




৩৫ আসনের ভাটপাড়া পুরসভায় ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। একটি আসনে জয়লাভ করে সিপিএম। পরে দলের একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়ায় ৩৩। গতবছর লোকসভা ভোটে অর্জুন সিং বিজেপি প্রার্থী হয়ে জয়ী হওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন। ফলে তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা আরও একজন কমে হয় ৩২।




 অর্জুন সিং তৃণমূল ছাড়ার পর ভাটপাড়া পুরসভায় বিজেপির আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটিতে এই ৩২ জনের মধ্যে ২৩ জন কাউন্সিলরের সমর্থন পেয়েছিল তৃণমূল। সিপিএমের একজন সহ বাকি ৯ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের সঙ্গেই ছিলেন প্রথম থেকে। লোকসভায় জয়লাভের পর অর্জুন সিং যখন দিল্লি যান, সেখানে তৃণমূল কংগ্রেসের ২৩ জন কাউন্সিলরের মধ্যে ১৮ জন বিজেপিতে যোগদান করেন। ভাটপাড়ার পুরবোর্ড দখল করে বিজেপি।




চেয়ারম্যান হন অর্জুন সিংহের ভাইপো সৌরভ।  কিন্তু গত মাসে আবার পালাবদল। দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করা ভাটপাড়া পুরসভার ১৮ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১২ জন আবার তৃণমূলে ফিরে আসেন। এই পরিস্থিতিতে বদলে গিয়েছে ভাটপাড়া পুরসভার রাজনৈতিক সমীকরণ। এখন সংখ্যার নিরিখে তৃণমূল ১৭ বিজেপি ১৫। অনাস্থা ভোটে জিততে তৃণমূলের দরকার ১৮ জন কাউন্সিলরের সমর্থন। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপিতে যোগ দেওয়া আরও বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর এখন তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন।




ফলে সংখ্যাতত্ত্বের বিচারে বোর্ড গঠন এখন শুধুই সময়ের অপেক্ষা।  অন্যদিকে বিজেপি শিবিরেরও পাল্টা দাবি তৃণমূলে চলে যাওয়া ১৮ জন কাউন্সিলরের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে আবার বিজেপিতে ফিরতে চেয়ে অর্জুন সিংয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই দাবি আর পাল্টা দাবিতে আঁচ বাড়ছে ভাটপাড়ায়।  বিধি অনুসারে কোনও চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর অন্তত ছয় মাসের মধ্যে অনাস্থা আনা যায় না।




আজ সৌরভ সিংয়ের সেই ছ’মাস মেয়াদ পূরণের পরেই আর অপেক্ষা করেনি তৃণমূল নেতৃত্ব। এ দিনই পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন তাঁরা। তবে মহকুমা শাসকের অনুমতি ছাড়া এই প্রস্তাব গ্রহণ করতে পারবেন না এক্সিকিউটিভ অফিসার। তাই অপেক্ষায় রয়েছেন তৃণমূলের কাউন্সিলররা।

No comments: