পুলিশকে ধর্ষণের তদন্তে সময় বেঁধে দিলেন মমতা,
ডিএনএ বাংলা ডেস্কঃ শুক্রবার ভোরে হায়দরাবাদ কাণ্ডে অভিযুক্ত চার জন পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই খবরে তোলপাড় গোটা দেশ। তারই মধ্যে শুক্রবার বি আর অম্বেডকরের মৃত্যুবার্ষীকিতে মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবসের অনুষ্ঠানে ওই ঘটনা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘‘এটা আইন নয়, যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম।
আইন এটাই, পুলিশ তার কাজ করবে, আদালতে পেশ করবে। বিচারক বিচারকের কাজ করবেন।’’ এর পরেই রাজ্য পুলিশের প্রতি কড়া নির্দেশ দিয়ে মমতা বলেন, ‘‘এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে দ্রুত চার্জশিট দিতে হবে। যত দ্রুত সম্ভব। তিন থেকে ১০ দিনের মধ্যে। কাগজপত্র জোগাড় করতে হবে।’’ কোনও ধর্ষণের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠলেও সরকার কড়া পদক্ষেপ করবে বলেও বার্তাও দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা জরুরি অবস্থা হিসেবে দেখতে হবে।
যে করবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’’ এদিন মহিলাদের উপর অত্যাচার প্রসঙ্গে মমতা বলেন, ‘‘আমি কোনও মহিলার উপর অত্যাচার সহ্য করি না। হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনা আমাকে নাড়া দিয়েছে। উন্নাওয়ের কেসটা জানত সবাই। তার পরেও কী ভাবে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা হল।’’

No comments: