বিয়ের অনুষ্ঠানে নাচ থামিয়ে দেওয়ার ‘অপরাধে’ গুলি চালিয়ে দেওয়া হয় ডান্সারের মুখে!
ডিএনএ বাংলা ডেস্কঃ রবিবারের উত্তরপ্রদেশের চিত্রকূট এলাকায় বিয়ের অনুষ্ঠানে নাচ থামিয়ে দেওয়ার ‘অপরাধে’ গুলি চালিয়ে দেওয়া হল ডান্সারের মুখে! আশঙ্কাজনক অবস্থায় কানপুরের হাসপাতালে ভর্তি তিনি। এই ঘটনার ভিডিও সদ্য সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা। ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিও দেখে নড়ে বসেছে প্রশাসনও।
এক মিনিটের ওই ভিডিওয় দেখা যাচ্ছে, কোনও এখটি বিয়েবাড়িতে আসর জমেছে উৎসবের। সেখানেই নাচছেন এক ডান্সার। তাঁর শরীরের আকর্ষণে একইসঙ্গে মুগ্ধ এবং লুব্ধ অতিথি ও দর্শকরা। বলাই বাহুল্য, সকলেরই হাতে পানীয়র গেলাস। হঠাৎই নাচ থামান ডান্সার। হয়তো ক্লান্ত হয়ে পড়েছিলেন, বা অন্য কোনও সমস্যা হয়েছিল। কিন্তু সে সব তখন বিচার করার মতো অবস্থায় নেই অতিথিরা। রীতিমতো ধমক দেয় তারা।
তার পরে শুরু হয় হুমকি। তাতেও নাচ শুরু না হওয়ায় পিছন থেকে চালিয়ে দেওয়া হল গুলি! এফোঁড়-ওফোঁড় হয়ে গেল ডান্সারের মুখ। তার ঠিক আগেই পিছন থেকে এক ব্যক্তির গলা শোনা যায়, ‘‘গুলি চলবে কিন্তু।’’ তখন অন্য কারও গলা শোনা যায়, ‘‘সুধীরবাবু আপনি গুলি চালিয়েই দিন।’’এর পরেই চলল গুলি। সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে বসে পড়েন তিনি। ঘটনার আকস্মিকতায় চমকে যান সকলে। ঘটনাটির কথা সামনে আসার পরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

No comments: