বিচার ব্যবস্থার সংশোধন চাইছেন গম্ভীর
ডিএনএ বাংলা ডেস্কঃ হায়দরাবাদ এনকাউন্টার কান্ডে পুলিশের পাশেই দাঁড়াচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। পাশাপাশি সংসদের বাইরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে পূর্ব দিল্লির সাংসদ বলেন, ফাস্ট ট্র্যাক কোর্টের রায়কেই চূড়ান্ত হিসেবে মান্যতা দেওয়া উচিৎ। উল্লেখ্য, হায়দরাবাদের তরুনী পশু চিকিৎসককে ধর্ষণ করে খুন ও দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চারজনকে শুক্রবার সকালে এনকাউন্টারে খতম করে হায়দরাবাদ পুলিশ।
ঘটনার পুনর্নিমাণের জন্য তাদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলে পুলিশের আওতা থেকে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে মৃত্যু হয় তাদের। এনকাউন্টারের নেতৃত্বে ছিলেন আইপিএস ভিসি সজ্জনর। ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে গম্ভীর বলেন, ‘বিচার ব্যবস্থার সংশোধন প্রয়োজন। ফাস্ট ট্র্যাক কোর্টের রায় চূড়ান্ত হিসেবে বিবেচিত হওয়া উচিৎ এবং মৃত্যুদণ্ডের পরিপ্রেক্ষিতে যেন কোনওরকম আবেদন কিংবা ক্ষমাভিক্ষার সুযোগ না থাকে।’ তবে মঙ্গলবারের এনকাউন্টারের ঘটনায় পুলিশের পাশে দাঁড়িয়ে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সংবাদসংস্থা এএনআই’কে জানান, ‘যদি ওরা পালানোর চেষ্টা করে থাকে, তাহলে আমি পুলিশের সঙ্গেই রয়েছি।’
এনকাউন্টারের ঘটনায় গম্ভীরের মতোই হায়দরাবাদ পুলিশ পাশে পেয়েছে দেশের অগণিত মানুষের জনসমর্থন। সে তালিকায় যেমন রয়েছেন ঋষি কাপুর থেকে অনুপম খেরের মত অভিনেতা, তেমনই রয়েছেন সাইনা নেহওয়াল কিংবা হরভজন সিং’য়ের মত ক্রীড়াব্যক্তিত্বরা।
ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টারে খতম করার ঘটনাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চন। শুক্রবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হায়দরাবাদের ঘটনা প্রসঙ্গে তিনি স্পষ্ট বলেন, ‘দের আয়ে দুরুস্ত আয়ে (কোনদিন না আসার চেয়ে দেরিতে আসা ভালো)।’

No comments: