এটিএম প্রতারণায় কেন্দ্রকে দুষলেন মমতা
ডিএনএ বাংলা ডেস্কঃ গত কয়েকদিনে শুধু যাদবপুর থানাতেই এটিএম প্রতারণা নিয়ে ৬১টি অভিযোগ দায়ের হয়েছে। প্রতারকরা প্রযুক্তি ব্যবহার করে এটিএম থেকে গ্রাহকদের টাকা তুলে নিচ্ছে । এই ঘটনাতেও কেন্দ্রের আধার লিঙ্কের নীতিকেই দুষলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আধার লিঙ্ক করানোর ফলেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে টাকা। এদিন মেয়ো রোডে সংহতি দিবসের অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। দেশের অর্থনীতির উন্নতি করতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থ বলেই জানান মুখ্যমন্ত্রী। পেঁয়াজের বর্ধিত দাম, বেকারত্ব নিয়ে কেন্দ্রকে দুষেন মুখ্যমন্ত্রী।
তারপরেই সম্প্রতি কলকাতায় একাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার প্রসঙ্গে আসেন তিনি। মমতা বলেন, “আমি তো আগেই বলেছিলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করলেই সব টাকা তুলে নেবে। সেটাই তো হচ্ছে। দিন এদের টাকা ফেরত দিন।” মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্তের পর কেন্দ্রের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কখনওই তিনি মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করবেন না। তাতে যদি তাঁকে মোবাইল ব্যবহার করা ছেড়ে দিতে হয়, বা তাঁকে গ্রেফতার করা হয়, তাতেও তাঁর কিছু যায় আসে না।
২৬ সেপ্টেম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করা বাধ্যতামূলক নয়, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে ইতালির মিলানে দাঁড়িয়ে মমতা বলেন, “ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর বাইরে চলে গেলে সেখান থেকে কারচুপি করে টাকা তুলে নেওয়া যেতে পারে। এখন তো হরদম এটিএম থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। মোবাইলেও আধার কার্ড ঢোকানো মানে আপনি কাকে মেসেজ করছেন, কার সঙ্গে কথা বলছেন সব তথ্য বাইরে চলে যেতে পারে। তাই আমাদের তরফেও এ ব্যাপারে সুপ্রিম কোর্টে পিআইএল করা হয়েছিল।
আমরা খুব খুশি যে সুপ্রিম কোর্ট মোবাইল ও ব্যাঙ্কের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয় বলেছে।” এদিন সেই প্রসঙ্গই ফের ফিরে এল মমতার কথায়। এদিকে গত শনিবার থেকে শুরু হয়েছে এটিএম প্রতারণা করে টাকা তুলে নেওয়ার ঘটনা। গ্রাহকদের অভিযোগ, হাতে ডেবিট কার্ড থাকা সত্ত্বেও কী ভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে বুঝতেই পারছেন না তাঁরা। পুলিশ জানিয়েছে, স্কিমারদের একটি বড় চক্র এর পিছনে রয়েছে। এটিএম জালিয়াতি শহরে নতুন নয়।

No comments: