নিত্যানন্দ উবাচ : ধর্ষণে অভিযুক্তর 'হিন্দু কৈলাস জাতি' ঘোষণা
ডিএনএ বাংলা ডেস্কঃ গুজরাত পুলিশ স্বঘোষিত দেবতার দূত নিত্যানন্দকে খুঁজছে। আহমেদাবাদে নিত্যানন্দের আশ্রমে হিসেবছাড়া অনুদান থেকে শুরু করে শিশুদের অপহরণ করে বন্দী করে রাখা, রয়েছে এমন ভুরি ভুরি অভিযোগ। সেই নিত্যানন্দ কৈলাস.আরগ নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে যে সে ‘কৈলাস’ নামে নিজের দেশ প্রতিষ্ঠা করেছে। শুধু তাই নয়, কৈলাসের পতাকা, সংবিধান এবং প্রতীকও নকশা করে ফেলেছে।ওয়েবসাইটটি জানিয়েছে, পলাতক স্বঘোষিত ভগবানের দূত কৈলাস নামে 'হিন্দু সার্বভৌম দেশ'-এরও ঘোষণা করেছে। তথাকথিত জাতি "কৈলাস"-এর রয়েছে একজন প্রধানমন্ত্রী।
সঙ্গে মন্ত্রিসভাও। এই দেশের জন্য বিশ্বজুড়ে অনুদানের আহ্বান জানানো হয়েছে। দাবি করা হয়েছে এর মাধ্যমে "সর্বশ্রেষ্ঠ হিন্দু জাতি"র নাগরিকত্ব অর্জনের সুযোগ পাওয়া যাবে। সাইবার বিশেষজ্ঞদের মতে, ওয়েবসাইটটি ২১ অক্টোবর, ২০১৮তে নির্মিত হয়েছিল এবং ১০ অক্টোবর, ২০১৯-এ খবরটি আপডেট করা হয়েছিল।ওয়েবসাইটটি আমেরিকার ডলাস থেকে নিয়ন্ত্রণ করা হয়।
নিত্যানন্দের তথাকথিত 'কৈলাস' জাতিটি ঠিক কোথায় তা এখনও পরিষ্কার নয়। ওয়েবসাইটটির ব্যাখ্যা: "কৈলাস এমন এক দেশ যা সারা বিশ্বের হিন্দুরা সীমানা ছাড়াই তৈরি করেছে।’’ তাদের মতে, কৈলাস তৈরি করেছে সেইসব হিন্দুরা যারা নিজ দেশে হিন্দুধর্মের চর্চা করার অধিকার হারিয়ে ফেলেছিল।হিন্দুদের সংখ্যালঘু সম্প্রদায়ের আদি সইভিতি সদস্যদের নেতৃত্বে তথাকথিত এই কৈলাস আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হলেও তারা আশ্বাস দিয়েছে যে জাতি, লিঙ্গ নির্বিশেষে বিশ্বের সমস্ত নিপীড়িত হিন্দুদের নিরাপদ আশ্রয় প্রদান করবে।
যেখানে হিন্দুরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। তাদের আধ্যাত্মিকতা, কলা এবং সংস্কৃতিকে অবজ্ঞা, হস্তক্ষেপ এবং হিংসা থেকে মুক্ত থাকবে। ওয়েবসাইট অনুসারে, এই তথাকথিত হিন্দু জাতিরও একটি পতাকা রয়েছে।যার নাম 'ঋষভ ধ্বজা'।এই পতাকায় নিত্যানন্দ নিজে আছে। রয়েছেন মহাদেবের বাহন নন্দীও। তথাকথিত এই 'কৈলাস'-এ শিক্ষা, কোষাগার, বাণিজ্য-সহ অনেকগুলি বিভাগ রয়েছে। তবে যেটা সবচেয়ে আকর্ষণীয় তা হল 'আলোকিত সভ্যতা' যা সনাতন হিন্দু ধর্মকে পুনরুদ্ধারের কাজ করবে।এই তথাকথিত 'দেশ'-এ রয়েছে 'ধর্মীয় অর্থনীতি'।
গোটা বিশ্বের হিন্দুদের বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে এবং একটা রিজার্ভ ব্যাংক করারও দাবি করা হয়েছে। ওয়েবসাইটটি ঘোষণা করেছে যে কৈলাসের নিজস্ব পাসপোর্ট রয়েছে। যে কেউই 'কৈলাস'-এর নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারে। এতে বলা হয়েছে "নাগরিকদের একটি কৈলাস পাসপোর্ট দেওয়া হবে। ঈশ্বরে আশীর্বাদে এই পাসপোর্টধারীকে কৈলাসা-সহ এগারটি স্তর এবং চৌদ্দ ‘লোকা’য় বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
প্রসঙ্গত, নিত্যানন্দের বিরুদ্ধে আধ্যাত্মিকতার ভড়ং করে তার প্রাক্তন শিষ্যকে ধর্ষণ করার অভিযোগও রয়েছে। সম্প্রতি গুজরাত পুলিশ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। নিত্যানন্দর বিরুদ্ধে অপহরণ, অন্যায়ভাবে কারাবন্দী করা, আঘাত করা সহ ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী শান্তি লঙ্ঘন ও অপরাধমূলক হুমকি প্রভৃতি অভিযোগ রয়েছে। পাশাপাশিশিশুশ্রমের আওতায় অভিযুক্ত এই নিত্যানন্দ।

No comments: